নভেম্বর ১৬, ২০২৬, ১০:০৪ পিএম
অক্ষর ডাবলু জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে বিখ্যাত এই সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত হয়েছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। অ্যামাজন এমজিএম স্টুডিওর তত্ত্বাবধানে দীর্ঘ ও নিখুঁত বাছাই প্রক্রিয়া শেষে এই ঘোষণা দেওয়া হয়।
চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র জেমস বন্ড হিসেবে দায়িত্ব পাওয়াকে জীবনের অন্যতম বড় সম্মান বলে অভিহিত করেছেন রবার্ট প্যাটিনসন। পরিচালক ডেনিস ভিলভনুভ, প্রযোজক এমি প্যাসকেল এবং ডেভিড হেম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা।
বন্ড চরিত্রে অভিনয়ের জন্য এর আগে ইদ্রিস এলবা, টম হার্ডি এবং হেনরি ক্যাভিলের মতো তারকাদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত প্যাটিনসনের ওপরই আস্থা রাখলেন নির্মাতারা। গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালক ডেনিস ভিলভনুভ এবং প্রযোজকদের সামনে স্টান্ট, ক্যামেরা উপস্থিতি ও সংলাপের ওপর ভিত্তি করে চূড়ান্ত অডিশন অনুষ্ঠিত হয়।
অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে গত রবিবার সকালে রবার্ট প্যাটিনসনকে ফোন করে এই চরিত্রে চূড়ান্ত হওয়ার বিষয়টি জানান পরিচালক ডেনিস ভিলভনুভ নিজে। এছাড়া রানার-আপ অভিনেতাদের ব্যক্তিগতভাবে ফোন করে বিষয়টি জানিয়েছেন প্রযোজক এমি প্যাসকেল।
চলতি শতাব্দীতে বড় পর্দায় অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন চল্লিশ বছর বয়সী এই অভিনেতা, যিনি এর আগে ডিসি স্টুডিওর ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির প্রধান মুখ হিসেবে কাজ করেছেন। ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি ছাড়াও এটুফোর এর দ্য ড্রামা এবং প্রাইমটাইম চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ড্যানিয়েল ক্রেগ ২০০৫ সালের অক্টোবর মাসে বন্ড হিসেবে নির্বাচিত হওয়ার ২১ বছর পর নতুন এই জেমস বন্ডের নাম ঘোষণা করা হলো। ২০০৬ সালের ক্যাসিনো রয়্যাল ছবির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া ক্রেগ ২০২১ সালের নো টাইম টু ডাই ছবির পর এই চরিত্র থেকে বিদায় নেন।
১৯৬২ সালে ডক্টর নো চলচ্চিত্রে শন কনারির মাধ্যমে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজিতে জর্জ লাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন ও পিয়ার্স ব্রুসনানের পর অষ্টম অভিনেতা হিসেবে জেমস বন্ডের কোট গায়ে জড়াবেন প্যাটিনসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন