সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা।

যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন। এই স্বীকৃতির ফলে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সংস্থাটির ভাষ্যমতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করবে। বাংলাদেশের এ নতুন যোগ্যতা বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বিশেষ সুযোগ তৈরি করেছে।

অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়া সহজ হবে। এসব বিনিয়োগ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা বা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের অনীহার মুখে পড়তে পারে।

এ ধরনের বাধা কাটিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।