নভেম্বর ১৬, ২০২৬, ০৬:২৮ পিএম
জাতীয় অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অংশীদারত্ব বর্তমানের প্রায় ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে সম্ভাবনাময় খাতভিত্তিক শিল্প সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার ৫১১ জন উদ্যোক্তার মধ্যে মোট ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জেলা পর্যায়ে ঋণের পরিমাণ এবং জামানতবিহীন ঋণের সীমা বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানান মন্ত্রী। বিসিকের মাধ্যমে বর্তমানে জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা এবং জেলা পর্যায়ে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। এই ঋণের আদায়ের হার ৯০ শতাংশের বেশি বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পসচিব আব্দুন নাসের খান। এছাড়াও বক্তব্য রাখেন বিসিক পরিচালক কাউজার মোহাম্মদ ফারাবী এবং উদ্যোক্তা শামীমা পারভীন ও হাজেরা আক্তার। অনুষ্ঠানে বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন শিল্পনগরীতে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমএসএমই খাতের বিকাশ ছাড়া বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী। তিনি জানান, প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। ভিয়েতনামে এই খাতের অবদান ৬০ শতাংশের কাছাকাছি থাকলেও বাংলাদেশে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। এই খাত বিস্তৃত হলে আয়বৈষম্য হ্রাস পাবে এবং সুষম প্রবৃদ্ধি অর্জিত হবে।
নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার শিল্পের সম্ভাবনা ও প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন