নভেম্বর ১৬, ২০২৬, ০৬:০৭ পিএম
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে অপ্রত্যাশিত পরাজয় বরণের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের হয়ে এখনো প্রত্যাশা পূরণ করতে না পারায় তার পদত্যাগ দাবি করেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও। আর এই কঠোর সমালোচনার জবাবে মুখ খুলেছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
গত শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারায় জাপান। দুই দলের ফুটবল ইতিহাসে সেলেসাওদের বিপক্ষে এটি জাপানের মাত্র দ্বিতীয় জয়। ম্যাচ চলাকালীন রেফারির ফাউলের সিদ্ধান্ত নিয়ে বারবার প্রতিবাদ করায় লাল কার্ডও দেখেন আনচেলত্তি। এরপরেই সাবেক বার্সেলোনা তারকা ও বর্তমানে সিনেটর রোমারিও তাঁর প্রতি পদত্যাগের আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দীর্ঘ এক পোস্টে ৬০ বছর বয়সী রোমারিও লেখেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে। নিজের ব্যাগ গুছিয়ে বিদায় নিন! আপনার সাফল্য নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। আপনি বিশ্বফুটবলের অন্যতম সেরা কোচ। তবে সেটি ক্লাব ফুটবলে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আপনি কী করতে পারেন, তা দেখাতে পারেননি। আমরা আর নিতে পারছি না।’
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির খাউদের প্রতিও বার্তা দিয়েছেন রোমারিও। তিনি আরও লেখেন, ‘সামির, আপনি একজন তরুণ ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের ভালো চান। কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহস দেখানোর সময়। সভাপতি মশাই, আনচেলত্তিকে বিদায় করুন! জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা এরই মধ্যে অনেক লজ্জার মুখে পড়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। ব্যবস্থা নেওয়ার সময় এখনই।’
এদিকে রোমারিওর এই কড়া বার্তার জবাব দিয়েছেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘এটা মতপ্রকাশের স্বাধীনতা। গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজের মত জানানোর অধিকার আছে। রোমারিও তার মত জানিয়েছেন। সত্যি বলতে, রোমারিও অনেক কথা বলেন। অবশ্য এটা তার অধিকার।’
তবে নিজের কাজ নিয়ে আরও উন্নতির প্রয়োজনও দেখছেন আনচেলত্তি। তাঁর ভাষায়, ‘দলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আমাকে আরও কাজ করতে হবে। অনেক দিন ধরেই আমরা প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছি না।’
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। এরপর তাঁর অধীনে ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেয় সেলেসাওরা। অবশ্য বিশ্বকাপের আগেই আনচেলত্তির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে জাপানের কাছে এই পরাজয়ের পর আবারও তাঁর ভবিষ্যৎ ও দলের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন