সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
টেলিভিশন সিরিজ

টেলিভিশন সিরিজে অভিনয় ও প্রযোজনায় যুক্ত হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১১:১১ এএম

টেলিভিশন সিরিজে অভিনয় ও প্রযোজনায় যুক্ত হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠের বাইরে এক নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। এখন থেকে তাঁকে টেলিভিশন সিরিজে দেখা যাবে। ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। সিরিজটি প্রচারিত হবে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়েন লুইস। ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে একজন প্রতিভাবান তরুণ ফুটবলারকে ঘিরে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করে ব্রেন্টফোর্ড এফসিতে যোগ দেয় ওই তরুণ। তবে সাফল্য ও খ্যাতি অর্জনের পরও সে শৈশবের বন্ধুদের ভুলে যায় না। যারা তার সাফল্যের আগেও পাশে ছিল, তাদের নিয়েই এগিয়ে যাবে এই সিরিজের গল্প। সিরিজের নাম ‘ডে ওয়ানস’ বলতে মূলত জীবনের শুরু থেকে পাশে থাকা বন্ধু ও কাছের মানুষদের বোঝানো হয়েছে।

এই সিরিজে ড্যামিয়েন লুইসকে দেখা যাবে একজন ফুটবল এজেন্টের চরিত্রে। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। এ ছাড়া সাবেক ফরাসি ফুটবল তারকা থিয়েরি অঁরিও এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিরিজে তাঁকে নিজের চরিত্রেই দেখা যেতে পারে। ব্রিটিশ র‍্যাপার ডেভও থাকছেন এই সিরিজের অভিনয়শিল্পীদের তালিকায়।

‘ডে ওয়ানস’ সিরিজটি পরিচালনা করছেন ‘কিংসম্যান’খ্যাত প্রখ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। সিরিজটির প্রথম পর্বও তিনি পরিচালনা করেছেন। এ ছাড়া ‘বোরাট’ সিনেমার সঙ্গে যুক্ত থাকা ড্যান মাজের দায়িত্ব পালন করছেন শোরানার হিসেবে। সিরিজটির মূল ভাবনা এসেছে ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে।

রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওর প্রথম টেলিভিশন প্রকল্প এটি। ২০২৫ সালে তাঁরা এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এ ছাড়া ডাবলডি স্পোর্টস ও আর্চারি পিকচার্সও এই সিরিজটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে।

এই নতুন প্রকল্প প্রসঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, ফুটবল কেবল মাঠের একটি খেলা নয়; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, আনুগত্য ও ত্যাগের গল্প। মাঠের বাইরের সেই অভিজ্ঞতাগুলোই দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। একজন প্রযোজক হিসেবে এমন একটি অর্থবহ গল্পের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত বলেও জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।

অন্যদিকে নির্মাতা ম্যাথিউ ভনের মতে, রোনালদোর সঙ্গে যৌথভাবে গড়ে তোলা প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরুর জন্য এটি একটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে দীর্ঘদিন মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত রোনালদো ও থিয়েরি অঁরিকে এবার একই প্রকল্পে যুক্ত হতে দেখেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে সিরিজটির নির্মাণকাজ শুরু হয়েছে। তবে ‘ডে ওয়ানস’ কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্যারামাউন্ট প্লাস।