নভেম্বর ১৬, ২০২৬, ১০:৫১ এএম
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র এবং অঞ্চলটিতে এখন একসঙ্গে অবস্থান করছে দেশটির তিনটি বিমানবাহী রণতরি। নতুন করে সেখানে পৌঁছেছে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্ট বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে। এর আগে থেকেই অঞ্চলটিতে মোতায়েন ছিল ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যে ঠিক কোথায় রণতরিগুলো রাখা হয়েছে, তা জানা যায়নি। তবে এই তিন রণতরির একসঙ্গে অবস্থান স্থায়ী হওয়ার সম্ভাবনা কম এবং যুক্তরাষ্ট্র ঠিক কী কারণে তিন রণতরি ওখানে রাখছে, তাও নিশ্চিত নয়।
নিয়মিত দায়িত্ব পরিবর্তন ও মোতায়েনের অংশ হিসেবে বিভিন্ন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ অঞ্চলটিতে আসা-যাওয়া করছে। সেই কারণে তিনটি রণতরির একসঙ্গে উপস্থিতি সাময়িক হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই তিন রণতরির উপস্থিতি এমন এক সময়ে দেখা গেল, যখন অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
এর আগে সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ওই দাবি নাকচ করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আঞ্চলিক সামরিক অবস্থান পরিবর্তনের বিষয়ে এসব খবর নিছক জল্পনা।
তথ্যসূত্র: সিবিএস নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন