নভেম্বর ১৬, ২০২৬, ১১:২৭ এএম
ভিসাপ্রত্যাশীদের জন্য একটি জরুরি বার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা যাচাই করা এবং কোনো ধরনের তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা অর্থ প্রদান থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছে তারা। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক অফিসিয়াল পোস্টে এই সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।
পোস্টে বলা হয়েছে, আপনার ভিসা আবেদনে প্রদান করা সমস্ত তথ্য সঠিক এবং সত্য কি না, তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজেরই। নিজ দায়িত্বে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে কিংবা পরিবারের কোনো বিশ্বস্ত সদস্য অথবা বন্ধুর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ভিসা সংক্রান্ত কার্যক্রমে কোনো ধরনের তৃতীয় পক্ষের সেবা গ্রহণ করা থেকে বিরত থাকতে বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস। পোস্টে উল্লেখ করা হয়, তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এর জন্য অতিরিক্ত ফি বা অর্থ প্রদান করা থেকে বিরত থাকুন।
এর আগে গত ১৪ নভেম্বর ভিজিটর ভিসা সংক্রান্ত অপর এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছিল, আপনি যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার সমস্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলবেন বলে কনস্যুলার অফিসার নিশ্চিত হতে না পারলে, তিনি আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। এ ছাড়া ভিসার সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করাও আবেদনকারীর নিজস্ব দায়িত্ব বলে জানানো হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন