নভেম্বর ১৬, ২০২৬, ১০:২৯ এএম
তৈরি পোশাক শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের আজকের নির্ধারিত তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিন সকাল ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্য কারণে’ পূর্বনির্ধারিত এই সভা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুব শিগগিরই সভার নতুন তারিখ পুনঃনির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।
বোর্ডের পূর্বনির্ধারিত নোটিশ অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুসারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করার কথা ছিল বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর। আজকের সভার মূল এজেন্ডা ছিল মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ করা এবং সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নতুন মজুরি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা।
বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। এর আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর নির্ধারণ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন