শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০২:২৫ পিএম

আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলন

মাসে ন্যূনতম ত্রিশ হাজার টাকা বেতনের দাবিতে চলমান আন্দোলনে গ্রেপ্তার হওয়া পোশাক শ্রমিকদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার রাজধানী ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর একটি যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে পোশাক খাতের চলমান সংকট নিরসনে সরকারের প্রতি নানা দাবি তুলে ধরেন। স্বাধীন বাংলা শ্রমিক ফেডারেশন সভাপতি মীর আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, শ্রমিকদের চলমান আন্দোলনে হয়রানি ও গ্রেপ্তারকৃতদের মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কারখানা বন্ধ করা হলে শ্রমিকদের অসন্তোষ আরও বাড়বে বলে তিনি সতর্ক করেন।

পোশাক শিল্পের শ্রমিকেরা দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছানোর কারণে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ২০২৩ সালে শ্রমিকদের দাবির মুখে শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করা হয়।

২০২৪ সালের ১৮ দফা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে নয় শতাংশ করা হলেও তা জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত সামান্য। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন বলেন, কোনো কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে ১৩ এক ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হচ্ছে।

এই ধারার আওতায় কারখানা বন্ধের অর্থ হচ্ছে কাজ নেই মজুরি নেই, যা শ্রমিকদের কর্মহীন করে ক্ষোভ ও অসন্তোষ তৈরি করছে। মালিকপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, সংকট দেখা দিলে তা দ্বিপক্ষীয় কিংবা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো অজুহাতেই যেন পোশাকশিল্পে নতুন করে শ্রম অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সভাপতি আমিরুল হক আমিন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি বাচ্চু মিয়া এবং গার্মেন্টস ট্রেডিং কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ উপস্থিত ছিলেন।

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের শ্রম অধিদপ্তরে সকাল এগারটায় এই সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আহূত এই সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এছাড়া সভায় শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা করা হবে।