নভেম্বর ১৪, ২০২৬, ০১:০৯ পিএম
আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, যুবসমাজকে ধ্বংস করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে, যাতে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো না যায়।
শুক্রবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত লালমনিরহাট নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশের ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে।
মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চার সামাজিক অপরাধ নির্মূলে আলোকিত লালমনিরহাট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি পরিদর্শনে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন বলে জানান তিনি।
শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ ও নির্যাতন করছে, যা নীতিবোধ ও নৈতিকতার চরম পতনের ইঙ্গিত দেয়।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন