নভেম্বর ১৪, ২০২৬, ১২:৪০ পিএম
শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না, এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি। তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই ভারতের জন্য এখন সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হয়ে দাঁড়িয়েছে।
গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বিভিন্ন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দিতে আগ্রহ দেখায়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বিষয়টি এখন শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই; আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গণহত্যার দায়ে দণ্ডিত একজন ব্যক্তিকে ভারত কেন দীর্ঘদিন আশ্রয় দিয়ে রেখেছে, সেই প্রশ্নও উঠছে।
বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে পোস্টে বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারত। এ বিষয়ে দিল্লি বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও তাতে সফলতা আসেনি। ফলে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই এখন একমাত্র বাস্তবসম্মত বিকল্প বলে ভারত মনে করছে।
আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে নাজমুল হক বলেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠান। অথচ এখন নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় সেই নেতাকর্মীদের আবারও ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি পোস্টে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশত্যাগের পর দেওয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, তখন জয় বলেছিলেন, আপনাদের ভালো-মন্দ আপনারা বুঝেন, আমরা আপনাদের সঙ্গে নাই।
আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দলীয় আনুগত্য থেকে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের নিজেদের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন