শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে রোববার উচ্চপর্যায়ের সভা

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১১:০১ এএম

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে রোববার উচ্চপর্যায়ের সভা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার একটি দৃশ্য।

দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা ডাকা হয়েছে। আগামী রোববার সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, আগামী রোববার বেলা দেড়টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে সভাটি শুরু হবে। এই সভায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে রাখা হয়েছে।

আসন্ন এই সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়েরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় থাকার কথা রয়েছে। এরই মধ্যে সভায় অংশ নিতে সংশ্লিষ্ট ১৬ জনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সভায় কোন প্রক্রিয়ায় এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব এবং কী ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দেশের কতটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এই সুবিধার আওতায় আসবে এবং কোন প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে, তা এই বৈঠকে নির্ধারিত হতে পারে।

এর আগে বিভিন্ন সময়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করার দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রোববারের এই বৈঠকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিগত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।