নভেম্বর ১৩, ২০২৬, ০৫:৫৮ পিএম
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিশ্ব ডায়াবেটিস দিবসের এ বছরের প্রতিপাদ্য ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই অত্যন্ত যথার্থ হয়েছে। তিনি প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয় বলে জানান তিনি।
রাষ্ট্রপতি জানান, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে বাণীতে উল্লেখ করা হয়। নগরায়নের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে বলে জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে বলেও সতর্ক করেন তিনি।
ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন