নভেম্বর ১৩, ২০২৬, ০৬:০৩ পিএম
দিনাজপুর সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। অভিযানে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন শালকি দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান (২৭)। তিনি দিনাজপুর সদর উপজেলার মনিপুর গ্রামের কমলপুর পোস্টের বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিপুর বিওপির আওতাধীন শালকি দক্ষিণপাড়া এলাকায় একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয় এবং তার ব্যবহৃত একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক লক্ষ আটত্রিশ হাজার সাতশত আশি টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অপরাধে জড়িতদের কঠোরভাবে দমন করতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন