নভেম্বর ১৩, ২০২৬, ০৫:০২ পিএম
জাতীয় পরিচয়পত্র নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের প্রায় ৩৫ হাজার নাগরিক। নির্বাচন কমিশনের সার্ভারে সফটওয়্যার জটিলতা ও বিভিন্ন প্রশাসনিক কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে।
এর ফলে তারা সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো অতি জরুরি ও গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারছেন না। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রশাসনিক ও আইনি কারণে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র লক করা হয়। এর মধ্যে রয়েছে একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনির্দিষ্ট আবেদন।
কর্মকর্তারা জানান, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধনের শিকার হয়ে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে।
তবে ঠিক কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা বেশ কঠিন।
এদিকে, এই সমস্যা সমাধানে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে সরাসরি যোগাযোগ করছেন, তাদের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের রাজধানী ঢাকার কেন্দ্রীয় নির্বাচন কার্যালয়ে যাতায়াত করতে হচ্ছে, যা ঢাকার বাইরে বসবাসকারী সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের স্থানীয় নির্বাচন অফিস থেকেই এনআইডি-সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন