বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

এনআইডি কার্ডে মৃত দেখাচ্ছে জীবিত কৃষককে, সংশোধনে ঘুরছেন অফিসে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৯:১১ পিএম

এনআইডি কার্ডে মৃত দেখাচ্ছে জীবিত কৃষককে, সংশোধনে ঘুরছেন অফিসে

ঝালকাঠির রাজাপুরে এনআইডি কার্ডে নিজেকে জীবিত প্রমাণ করতে নির্বাচন অফিসে আসেন ৬০ বছরের কৃষক আব্দুল হক হাওলাদার।

জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে নিজেকে মৃত দেখতে পেয়েছেন ৬০ বছরের এক কৃষক। সরকারি নথিতে মৃত দেখানোর কারণে কৃষক কার্ডের আবেদনসহ বিভিন্ন নাগরিক সেবা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। নিজেকে জীবিত প্রমাণ করতে এখন উপজেলা নির্বাচন অফিসে ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলায়।

ভুক্তভোগী কৃষকের নাম আব্দুল হক হাওলাদার। তিনি রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করার জন্য আসেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামে কৃষকদের তথ্য সংগ্রহকালে আব্দুল হক হাওলাদারের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আবেদন করতে গেলে দেখা যায়, সরকারি তথ্যে তাকে মৃত দেখানো হয়েছে। অথচ বাস্তবে তিনি জীবিত রয়েছেন।

বিষয়টি জানতে পেরে বিস্মিত হন আব্দুল হক ও তার পরিবারের সদস্যরা। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিয়ে তথ্যে তাকে মৃত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি নিশ্চিত হন। ফলে জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত পরিচয়ের কারণে নানা ধরনের ভোগান্তির মুখে পড়েন এই প্রবীণ কৃষক।

নিজের জীবিত থাকার তথ্য পুনরায় নথিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন অফিসে এসে আব্দুল হক হাওলাদার জানান, তিনি জীবিত মানুষ হলেও তাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। কেন এই মিথ্যা তথ্য দেওয়া হলো তা জানতে এবং নিজেকে জীবিত প্রমাণ করতে তিনি নির্বাচন অফিসে এসেছেন বলে জানান। দ্রুত তার তথ্য সংশোধন করে তাকে জীবিত তালিকাভুক্ত করার দাবি জানান তিনি।

তার স্ত্রী সাহেরা খাতুন বলেন, তার স্বামী বাস্তবে জীবিত থাকলেও এনআইডি কার্ডে তাকে মৃত দেখানো হয়েছে। কীভাবে এই ভুল হয়েছে তা বুঝতে না পেরে তারা সংশোধন করতে অফিসে এসেছেন। তার নাতি মো. হাসনাত জানান, না কোনো জরিপের সময় তাদের কিছু জিজ্ঞাসা করা হয়েছে, না কেউ বাড়িতে এসেছে; অথচ ভুল তথ্য দেওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এরই মধ্যে নির্বাচন অফিসে এসে তার নানা হাতের আঙুলের ছাপ দিয়েছেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, আব্দুল হক হাওলাদার এনআইডি কার্ডে মৃত দেখানোর সমস্যা নিয়ে অফিসে এসেছিলেন। তার হাতের আঙুলের ছাপ নিয়ে আবেদন করা হয়েছে এবং খুব দ্রুত এই সমস্যা ঠিক করে দেওয়া হবে।