আগস্ট ৯, ২০২৬, ১২:৫২ পিএম
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি ও প্রকৃতির নান্দনিক রূপ দেখতে ঝালকাঠির বিখ্যাত জলপথ পরিদর্শনে এসেছিলেন যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। দেশের অন্যতম প্রধান কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও সংলগ্ন বাগানগুলো সশরীরে ঘুরে দেখে তিনি গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন।
গ্রামীণ অর্থনীতি ও জলপথে উৎপাদিত ফসলের এই কর্মচাঞ্চল্য আন্তর্জাতিক অতিথির নজর কেড়েছে।রোববার সকালে স্ত্রী মিসেস ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলী এলাকায় উপস্থিত হন।পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ঐতিহ্যবাহী এই জলপথে নৌকায় ঘুরে বেড়ান এবং স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। ফসলের উৎপাদন প্রক্রিয়া, বাজারজাতকরণের পদ্ধতি এবং কৃষকদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও হাওয়াইয়ের মতো উষ্ণ অঞ্চলে সীমিত পরিসরে পেয়ারা চাষের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
বর্ষা মৌসুমে খালের পানিতে নৌকায় নৌকায় পেয়ারা বেচাকেনার এই দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি দারুণ আকর্ষণ। রাষ্ট্রদূতের এই আকস্মিক আগমন স্থানীয় চাষিদের মাঝে দারুণ উৎসাহের সৃষ্টি করেছে। পেয়ারার পাশাপাশি এই অঞ্চলের কৃষিভিত্তিক পর্যটনের প্রসার ঘটবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।স্থানীয় কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত ফলের গুণগত মানের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত তার সফর শেষ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন