নভেম্বর ১১, ২০২৬, ১২:১৯ পিএম
যৌতুকের টাকার জন্য নির্মমভাবে নির্যাতনে নিহত লিমা রানী সরকারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল এগারোটায় উপজেলার আফতাবগঞ্জ বাজার ফরমানের মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে লিমা রানী সরকারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের জন্য একজন নারীকে নির্মম নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের লিমা রানী নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ ওঠে। গত বুধবার রাত নয়টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন