মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১০, ২০২৬, ০৭:২০ পিএম

দিনাজপুরে বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা

ছবি: দিনাজপুর টিভি

আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো-একুশ পার হয়ে—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর মেঘনা মহিলা শিশু উন্নয়ন সংস্থা, পাহাড়পুরের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে ‘বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা’ উদ্ভাবনী উদ্যোগের আওতায় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাফি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। সভার বিষয়বস্তুর ওপর আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি খাতুন এবং সম্মানিত অতিথি ফাতেমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেঘনা মহিলা শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা. রশিদা আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার কোষাধ্যক্ষ শামীমা আক্তার।

বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন রুখসানা বেগম, জেসমিন আরা, সুরাইয়া খাতুন, রওশন আরা ও রজিনা ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোছা. রিয়া (জুই)। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার প্রতিনিধি মো. জাকির হোসেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজে ক্যানসার রোগের মতো ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের জানাতে হবে, যাতে তারা কম বয়সে সন্তানদের বিয়ে না দেন। সচেতনতার অভাবে অনেক শিক্ষার্থী বাল্যবিবাহের খপ্পরে পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই এ বিষয়ে সকলকে সোচ্চার হতে হবে। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হলে জোর করে কেউ বাল্যবিবাহ দিতে পারবে না বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।