জাহিদ হাসান
নভেম্বর ৮, ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালীর মেলা। গ্রামীণ ঐতিহ্য, ধর্মীয় সম্প্রীতি ও লোকজ সংস্কৃতির অনন্য ধারক এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।
গত রোববার বিকেলে বর্ণাঢ্য বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই মেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মনোজ কুমার রায়, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমান। এছাড়াও মেলা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
শত বছরের ঐতিহ্য বহনকারী এই ঢেমঢেমিয়া কালীর মেলা কেবল একটি সাধারণ মেলা নয়, এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এক মহামিলনমেলা। প্রতিবছর এই মেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে অসংখ্য মানুষের ঢল নামে। মেলায় বসে হরেক রকমের দোকানপাট, লোকজ সামগ্রীর পসরা এবং গ্রামীণ ঐতিহ্যের নানা আকর্ষণীয় আয়োজন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই মেলা এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আনন্দ ও পারস্পরিক যোগাযোগের এক অপূর্ব পরিবেশ তৈরি করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথভাবে ধরে রাখতে মেলাটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা, ঐতিহ্য ও সম্প্রীতির এই ঢেমঢেমিয়া কালীর মেলা আগামী দিনেও তার নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নতুন প্রজন্মের কাছে বাঙালির লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সঠিক পরিচয় বহন করে চলবে।