রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের বদ দোয়া দিলাম: আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৬, ০৪:৫০ পিএম

আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের বদ দোয়া দিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে রাশেদের এই দাবিকে সম্পূর্ণ ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন আমির হামজা।

বগুড়ার একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা দাবি করেন, ওনারা আজ আলেমদের পেছনে লেগেছেন। তাদের নিজেদের মোবাইল ফোন চেক করলেই আসল চরিত্র বেরিয়ে আসবে। চাটাচাটি করে রাজনৈতিক পদ না পেলে তাকে হয়তো রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো মন্তব্য করে তিনি বলেন, রাস্তা ঝাড়ু দেওয়ার মতো যোগ্যতাও যার নেই, সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েছেন।

রাশেদ খাঁনের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আমির হামজা বলেন, মানুষের পেছনে যারা লেগে থাকে, আল্লাহ যেন তাদের কথা বলা চিরতরে বন্ধ করে দেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে অতীতে তিনি বদ দোয়া করেছিলেন বলে স্মরণ করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তখন ডিসি ও এসপিরা তাকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ভুয়া অডিও শোনানোর চেষ্টা করেছিল। ইসরায়েল থেকে সেই প্রযুক্তি হসিনা সরকার এনেছিল বলে দাবি করেন তিনি।

আমির হামজা বলেন, এখন আবার নতুন করে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লামা সাঈদী বদ দোয়া করে গিয়েছিলেন যেন যারা তার চরম অসম্মান করেছে, আল্লাহ যেন তাদের জাতির সামনে ল্যাংটা করে দেন। তিনি আরও ঘোষণা দেন, আমিও একজন মুসাফির অবস্থায় পবিত্র কোরআন সামনে রেখে বগুড়ার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে বদ দোয়া দিয়ে গেলাম যে, যারা আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, একটি অক্ষরের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই।

আল্লামা সাঈদীর বিরুদ্ধে অতীতে চারশো পৃষ্ঠার মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেগুলোর সাথেও কোনো সত্যতার মিল পাওয়া যায়নি। এসবের নেপথ্যে ভারত রয়েছে দাবি করে তিনি বলেন, আজও আলেমদের কণ্ঠ থামিয়ে দিতে ভারত একইভাবে ষড়যন্ত্র পরিচালনা করছে এবং এর জন্য সুবিধাবাদী কিছু লোককে ব্যবহার করা হচ্ছে।

এর আগে গত গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করেন। সেই পোস্টে তিনি দাবি করেন যে আমির হামজাকে কেন্দ্র করে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার হাতে এসেছে এবং ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতাও পাওয়া গেছে। একই সঙ্গে তিনি কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।

ওই ফাঁস হওয়া দাবিকৃত অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার আকুতি জানাতে শোনা যায়। কথোপকথনে সেই ব্যক্তিকে বলতে শোনা যায় যে আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ বা অভিমান নেই, যা হয়েছে তা শয়তানের ধোঁকায় ও নফসের জালে হয়েছে এবং পরবর্তীতে আমি নিজেই অনুতপ্ত হয়েছি।