রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,
দাম্পত্য সম্পর্ক

স্বামী-স্ত্রীর সামান্য ৫টি ছোট কারণে দাম্পত্যে বাঁধে তুলকালাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৬, ০৪:২৭ পিএম

স্বামী-স্ত্রীর সামান্য ৫টি ছোট কারণে দাম্পত্যে বাঁধে তুলকালাম

স্বামী-স্ত্রীর সামান্য ৫টি ছোট কারণে দাম্পত্যে বাঁধে তুলকালাম

একসঙ্গে বসবাস করতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক কথা-কাটাকাটি হওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। অনেক সময় বড় কোনো জটিল কারণ থাকে না, বরং দৈনন্দিন জীবনের তুচ্ছ ও সামান্য বিষয় থেকেই শুরু হয় নানা মনোমালিন্য। তবে স্বস্তির বিষয় হলো, এই ছোটখাটো ঝগড়াগুলো সাধারণত বেশিক্ষণ স্থায়ী হয় না। চলুন জেনে নেওয়া যাক এমন সাধারণ পাঁচটি বিষয় সম্পর্কে।

প্রথমত, রাতের খাবার মেন্যু ঠিক করা নিয়ে প্রায়ই ঝামেলা বাঁধে। রাতে কী খাওয়া হবে তা ঠিক করতে গিয়ে অনেক দম্পতিই বিপাকে পড়েন। একজন হয়তো বিরিয়ানি খেতে চান, অন্যজনের পছন্দ পিজ্জা কিংবা সম্পূর্ণ ভিন্ন কোনো খাবার। অনলাইনে দীর্ঘ সময় ধরে মেনু দেখার পরও দুজনের পছন্দ মেলে না, আর শেষ পর্যন্ত আগের দিনের খাওয়া খাবারই অর্ডার করতে হয়!

দ্বিতীয়ত, শীতের রাতে কম্বল নিয়ে টানাটানি একটি পরিচিত দৃশ্য। একই কম্বলের নিচে ঘুমাতে গিয়ে একজন হয়তো নিজের দিকে বেশি কম্বল টেনে নেন, যার ফলে অন্যজনের ঘুম ভাঙে ঠান্ডায়। এ নিয়ে রাতেই শুরু হতে পারে হালকা কথা-কাটাকাটি, যদিও সকালে উঠে অনেকেই সেই ঝগড়ার কথা আর মনেই রাখেন না।

তৃতীয়ত, সঙ্গীর প্লেট থেকে খাবার তুলে নেওয়া নিয়েও মনোমালিন্য হয়। দুজনের পছন্দের খাবার আলাদা হতে পারে, কিন্তু নিজের প্লেটে খাবার থাকা সত্ত্বেও হঠাৎ সঙ্গীর প্লেট থেকে এক টুকরা খাবার তুলে নেওয়া অনেকেরই পছন্দ নয়। সামান্য এই বিষয় নিয়েও টেবিলে শুরু হতে পারে মৃদু বচসা।

চতুর্থত, কোথাও যাওয়ার জন্য তৈরি হতে দেরি করা আরেকটি বড় কারণ। কোথাও বেড়াতে বা অনুষ্ঠানে যাওয়ার জন্য একজন হয়তো দ্রুত তৈরি হয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আর অন্যজন পাঁচ মিনিটের কথা বলে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিচ্ছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে ধৈর্য হারানো অসম্ভব নয়, আর সেখান থেকেই শুরু হয় পারিবারিক ঝগড়া।

পঞ্চমত, ছুটির দিনে নাটক বা সিনেমা দেখা নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব। ছুটির দিনে একসঙ্গে বসে কোনো ছবি বা ধারাবাহিক দেখার পরিকল্পনা করেন দম্পতিরা। কিন্তু একজন হয়তো নাটক দেখতে চান, আর অন্যজন সিনেমা। কোনটি দেখা হবে তা ঠিক করতেই অনেকটা সময় অপচয় হয়, এবং শেষ পর্যন্ত পছন্দসই বিনোদন বাছাই নিয়েই কথা-কাটাকাটি শুরু হয়।

দাম্পত্য জীবনে এসব বিষয় নিয়ে মাঝেমধ্যে ঝগড়া হলেও বেশির ভাগ ক্ষেত্রে তা কোনো স্থায়ী দূরত্ব তৈরি করে না। বরং দৈনন্দিন জীবনের এমন ছোটখাটো মান-অভিমান আর খুনসুটিই একসময় দাম্পত্য সম্পর্কের চেনা ও মধুর অংশ হয়ে ওঠে।