রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

টিকটক করতে বাধা দেওয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৬, ০৪:৩৩ পিএম

টিকটক করতে বাধা দেওয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বরিশালের গৌরনদীতে টিকটক করতে বাধা দেওয়ায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল খানম জান্নাত নামের এক মাদরাসা ছাত্রী। সে উপজেলার কটকস্থল গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে এবং স্থানীয় সুন্দরদী গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত শনিবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, পড়াশোনা বাদ দিয়ে মোবাইল ফোনে নিয়মিত টিকটক করায় জান্নাতুলের মা তাকে শনিবার বিকেলে বকাঝকা করেন। মায়ের কাছ থেকে বকা খেয়ে তীব্র অভিমান করে সে শনিবার সন্ধ্যায় সবার অজান্তে বাড়ির রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস লাগায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা কারোর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ না করায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।