নভেম্বর ৮, ২০২৬, ০৯:৪৫ এএম
জয়পুরহাটের কালাইয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন বিপুলসংখ্যক দর্শক। অনুষ্ঠানস্থলে উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তদন্ত ইমায়েদুল জাহেদী। আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়। বিশিষ্ট উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দশ হাজার দর্শকের সমাগম ঘটেছিল।
অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করেছিলেন আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, পঞ্চাশ জন স্কাউট এবং একশ জন স্থানীয় স্বেচ্ছাসেবক। তবে এত কড়া নিরাপত্তার মধ্যেও বিপুল দর্শকের ভিড়ের সুযোগ নেয় সক্রিয় চোর ও পকেটমার চক্র।
অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষে অনেকেই নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে মোবাইল হারানো একাধিক দর্শক কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানান।
স্থানীয় সূত্রের দাবি, চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা শতাধিক হতে পারে। তবে পুলিশের ধারণা, প্রকৃত সংখ্যা অর্ধশতাদ্দিকের বেশি হতে পারে। ভুক্তভোগীরা রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তদন্ত ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। চুরি হওয়া ফোনের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন