নভেম্বর ৮, ২০২৬, ০৯:৪১ এএম
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখন্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলাকে বিভক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই অবরোধের ফলে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। রোববার সকালে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই দুই রেলপথে পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর গোধূলি ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনের চলাচল চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এই বিষয়ে চলতি বছরের চার জুন সরকারি গেজেট প্রকাশিত হয়। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন এলাকাবাসী।
এদিকে অবরোধের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম। তিনি জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং জনমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন