অক্টোবর ১৭, ২০২৬, ০৩:০৫ পিএম
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা তদারকির অংশ হিসেবে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর আওতাধীন রামসাগর ও সুন্দরা বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
শনিবার মণ্ডপ পরিদর্শনকালে সেক্টর কমান্ডার জানান, সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের শঙ্কা ছাড়া উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি মাঠপর্যায়ে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, দিনাজপুর সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকার ২১১টি পূজামণ্ডপের মধ্যে ভারত সীমান্তের আট কিলোমিটারের ভেতরে রয়েছে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটার সীমানায় রয়েছে ৪১টি মণ্ডপ। এসব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় ২২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা দায়িত্ব চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল পরিচালনা করছে বিজিবি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম বা এলাকায় যেকোনো ধরনের গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, দুর্গাপূজা আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল প্রতীক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিক ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এই উৎসবকে উৎসবমুখর রাখবে।
তিনি সাধারণ মানুষের প্রতি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার এবং তথ্য যাচাই না করে অপপ্রচার না চালানোর আহ্বান জানান। সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর পরামর্শ দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন