অক্টোবর ২১, ২০২৬, ০৬:০০ পিএম
শারদীয় দুর্গাপূজার বিদায়ী ক্ষণে রাজধানীর কেন্দ্রীয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎসবের আবহে মেতে উঠেছেন বিশিষ্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। বিজয়া দশমীর দিনে বন্ধুদের সঙ্গে ঢাকের ছন্দে পা মেলানোর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন তিনি।
বুধবার সকালে দশমী বিহিত পূজা ও শাস্ত্রীয় দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপরই মণ্ডপে দেবীকে সিঁদুর দিয়ে বিদায়ী বরণ জানানোর পর ভক্ত ও দর্শনার্থীরা পরস্পরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন।
সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর জনসমুদ্রে রূপ নেয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান শাওন।
পূজা মণ্ডপে উপস্থিতির তাৎপর্য তুলে ধরে মেহের আফরোজ শাওন জানান, তাঁর সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা ঈদের দিন তাঁর বাসায় এসে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবে যুক্ত হন। সেই আন্তরিক সম্পর্কের টানেই বন্ধুদের সাথে পূজার আনন্দ ভাগ করে নিতে তিনি মন্দিরে এসেছেন।
এদিকে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে। কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী মন্দির থেকে মূল বিজয়া শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা এই শোভাযাত্রায় অন্তর্ভুক্ত হয়ে ঢাকার ১১টি সুনির্দিষ্ট ঘাটে গিয়ে বিসর্জন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন