অক্টোবর ২১, ২০২৬, ০৬:৫৮ পিএম
নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী রেলস্টেশনে সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি এবং বন্ধ স্টেশনটি পুনরায় চালুর দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২১ অক্টোবর) সকাল সাতটা থেকে সৈয়দপুর-চিলাহাটি রেলপথের দারোয়ানী এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা।
অবরোধের কারণে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেস যথাসময়ে চলাচল করতে পারেনি। এতে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ রেলপথে দীর্ঘ পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুপুর বারোটার দিকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে দুপুর সাড়ে বারোটায় আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দারোয়ানী একটি ঐতিহাসিক ও ব্যস্ত রেলওয়ে স্টেশন। অতীতে সব ধরনের ট্রেন এখানে থামত। দারোয়ানী একটি বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় আশেপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকেই পণ্য পরিবহন ও যাতায়াত করতেন।
স্থানীয় বাসিন্দা জামিয়ার রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমানে এখানে নামেমাত্র একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অত্যন্ত পুরোনো হওয়ায় যাত্রীদের ওঠানামার চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা চান দ্রুত সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি কার্যকর করে স্টেশনটির পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় সচল করা হোক।
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান বলেন, ঐতিহ্যবাহী দারোয়ানী স্টেশনে আন্তনগর ট্রেন থামানোর দাবি অত্যন্ত যৌক্তিক। এখানে উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (উত্তরা ইপিজেড) রয়েছে, যা নিয়মিত ব্যবহারের সুযোগ তৈরি হবে। এছাড়া চীন সরকারের অর্থায়নে এক হাজার শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া চলছে এবং পাশেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প রয়েছে। ফলে সামগ্রিক উন্নয়নের স্বার্থে স্টেশনটি দ্রুত সচল করা জরুরি।
স্থানীয় দাবির প্রতি একাত্মতা জানিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ উল্লেখ করেন, স্টেশনটি পুনরায় চালু হলে এলাকায় অর্থনৈতিক গতিশীলতা বাড়বে এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি জানান, স্টেশন চালুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে অবিলম্বে আন্তনগর ট্রেনের বিরতি নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন মহলে নিয়মিত যোগাযোগ শুরু করা হয়েছে।
এ বিষয়ে নীলফামারীর জেলা প্রশাসক হুমায়ূন কবির জানান, তিনি ব্যক্তিগতভাবে রেলওয়ে সচিবের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। দারোয়ানী স্টেশনে আন্তনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি এবং বন্ধ থাকা স্টেশনটি দ্রুত সচল করার বিষয়ে মন্ত্রণালয় থেকে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয় আশ্বাস পাওয়া গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন