অক্টোবর ২০, ২০২৬, ০৫:৪৩ পিএম
দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের নতুন সিনেমা দেখতে পুরো একটি প্রেক্ষাগৃহের সব টিকিট একাই কিনে নিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার সাঞ্জু স্যামসন। মুক্তি পাওয়া আলোচিত ছবি `জেলার দুই` বড় পর্দায় দেখতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় ব্যাটার।
ভারতে তারকা ক্রিকেটারদের প্রকাশ্যে বের হওয়ার ক্ষেত্রে নানা জটিলতা ও নিরাপত্তার বিষয় থাকে। তবে প্রিয় তারকার ছবি দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি সাঞ্জু।
সাঞ্জু স্যামসন জানান, রজনী স্যারের সিনেমা দেখতে তার দারুণ লাগে এবং তিনি সবসময় তার অভিনয়ের জন্য মুখিয়ে থাকেন। এর আগের দিনই প্রেক্ষাগৃহে যাওয়ার পরিকল্পনা থাকলেও দিল্লিতে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে তা সম্ভব হয়নি।
সুযোগ হাতছাড়া না করতে এবার তিনি একাই পুরো প্রেক্ষাগৃহের টিকিট কেটে নেন।
সাঞ্জু বলেন, ভাগ্য ভালো যে আজ দেখার সুযোগ এসেছে। তাই হলের সব টিকিট নিয়ে নিয়েছি। বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি এবং স্ত্রীও সঙ্গে থাকবে।
ভারতীয় ক্রিকেট দল শিগগিরই নিউজিল্যান্ড সফরে রওনা হবে। সেই সফরের আগে ভারতীয় দলের ম্যানেজমেন্টে যারা তামিল ভাষা জানেন, তাদেরও একসঙ্গে সিনেমাটি উপভোগ করার নিমন্ত্রণ পাঠিয়েছেন এই ক্রিকেটার।
এর আগে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল রজনীকান্তের `জেলার`। সেই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর মুক্তি পায় ছবিটির দ্বিতীয় কিস্তি। আগের মতোই এবারও পর্দায় থালাইভাকে তুলে ধরা হয়েছে অতিমানবীয় উপস্থিতিতে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন