বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংঘাত

বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৫:৪৪ পিএম

বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে তাওহীদ হৃদয়

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

বুধবার বাঁচা-মরার এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে কেবল জয় পেলেই চলবে না, মেলাতে হবে নেট রান রেটের বেশ জটিল এক সমীকরণ।

কঠিন সমীকরণের এই লড়াইয়ে বাংলাদেশ তাদের সেরা একাদশে তিনটি বড় পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একই সাথে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে স্পিনার আলিস আল ইসলামের। পূর্ববর্তী ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও উইকেটকিপার নুরুল হাসান সোহান।

অন্যদিকে টুর্নামেন্টের প্রথম খেলায় জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আফগানিস্তান। এক ম্যাচে পূর্ণ জয় নিয়ে ধনাত্মক ৩ দশমিক ১৬০ নেট রান রেট সহ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। দুই ম্যাচে এক জয় ও এক হারে ঋণাত্মক শূন্য দশমিক ৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। সেখানে প্রথম ম্যাচে পরাজয়ের পর ঋণাত্মক এক দশমিক ৯৮০ নেট রান রেট নিয়ে তালিকার তলানিতে পড়ে রয়েছে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে জয় তুলে নিতে পারলে ফাইনালের দরজা খোলা থাকবে বাংলাদেশের জন্য। তবে টুর্নামেন্টের নীতি অনুযায়ী ফাইনালের টিকিট পেতে হলে জয়টি হতে হবে বড় ব্যবধানে। টস জিতে আগে ব্যাটিং করায় হৃদয়দের ম্যাচটি অন্তত ৪১ রানে জিততে হবে।

যদি পরে ব্যাটিং করতে হতো, সে ক্ষেত্রেও লক্ষ্য অনুসারে ওভারের কঠোর হিসাব ছিল। দুইশত রানের লক্ষ্য পেলে ৪০ দশমিক ২ ওভারের মধ্যে এবং ২২০ রানের লক্ষ্য হলে ৪০ দশমিক ৫ ওভারে ম্যাচ শেষ করতে হতো। একইভাবে ২৪০ রানের লক্ষ্য ৪১ দশমিক ১ ওভারে, ২৫০ রানের লক্ষ্য ৪১ দশমিক ৩ ওভারে, ২৬০ রানের লক্ষ্য ৪১ দশমিক ৪ ওভারে, ২৭০ রানের লক্ষ্য ৪১ দশমিক ৫ ওভারে, ২৮০ রানের লক্ষ্য ৪২ ওভারে এবং তিনশত রানের লক্ষ্য হলে তা ৪২ দশমিক ২ ওভারের মধ্যেই তাড়া করার বাধ্যবাধকতা ছিল।

পরিসংখ্যানের দিক থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের লড়াই এখন পর্যন্ত সমানে সমান। আগের ২২টি মুখোমুখি ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দলই ১১টি করে জয় পেয়েছে। তবে সাম্প্রতিক ফর্মের দিক থেকে আফগানরাই স্পষ্ট এগিয়ে। শেষ ছয়টি সাক্ষাতের পাঁচটিতেই জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান, যার প্রতিটিই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবির মাটিতে।

বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।