অক্টোবর ২১, ২০২৬, ১০:২০ এএম
সহজ সুযোগ হাতছাড়া আর পেনাল্টি থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য মঙ্গলবার রাতের ম্যাচটি ছিল শুধুই হতাশার। পর্তুগিজ মহাতারকার এমন নিষ্প্রভ দিনেও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। স্বদেশি তরুণ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের একমাত্র লক্ষ্যভেদে সৌদি প্রো লিগে নিওমকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭তম মিনিটে গোলের সবচেয়ে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন রোনালদো। বাঁ-প্রান্ত থেকে সাদিও মানের বাড়ানো নিখুঁত ক্রস পেয়েও কাছ থেকে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার। এরপর পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছিল তাঁর সামনে। তবে স্পট কিক থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি পর্তুগিজ অধিনায়ক; তাঁর জোরালো শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
অধিনায়কের টানা ব্যর্থতার পর আল নাসরের ত্রাণকর্তা হয়ে ওঠেন জোয়াও ফেলিক্স।
ম্যাচের ৬১তম মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে দলের জয়সূচক একমাত্র গোলটি আদায় করে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁর এই গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আল নাসর।
এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে অবস্থান নিয়েছে আল নাসর। ৯ ম্যাচে দলটির সংগৃহীত পয়েন্ট এখন ২২। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে নিওম। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাদসিয়া এবং ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল-হিলাল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন