অক্টোবর ২০, ২০২৬, ০৫:৫২ পিএম
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুই বার ঢাকায় সংক্ষিপ্ত সফর করেছেন। ভুটান সফর শেষে কাতারের দোহাগামী ফ্লাইট ধরার পথে মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি।
নির্ধারিত সময়ের কিছুটা আগে দুপুর ১২টা ৫০ মিনিটে ফিফা প্রধানের বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মাত্র আধঘণ্টার যাত্রাবিরতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে ফুটবলের ভবিষ্যৎ ও উন্নয়ন নিয়ে আলোচনায় অংশ নেন ইনফান্তিনো।
এ সময় তাকে স্বাগত জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এবং সাব্বির আহমেদ আরেফসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
ফিফা সভাপতির এই সফরকে দেশের ফুটবলের জন্য বিরাট অর্জন বলে উল্লেখ করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
তিনি জানান, বিশ্বের ২১১টি দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে চার বছরে সব দেশে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। অনেক দেশ তাকে সফরে নিতে প্রতিযোগিতা করে। সেখানে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে দুই বার তার সান্নিধ্য পাওয়া বাংলাদেশের ফুটবলের গুরুত্ব ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।
ফাহাদ করিমের মন্তব্য, ফিফার সভাপতি যখন যে দেশে থাকেন, ফুটবল বিশ্বের রাজধানী তখন সেই দেশটিই হয়ে যায়। সেই হিসাবে অল্প সময়ের জন্য হলেও ফুটবল বিশ্বের রাজধানী ছিল ঢাকা। এটি পুরো বাংলাদেশের মানুষের জন্য অনেক গর্বের বিষয়।
লাউঞ্জে ইনফান্তিনো ও তার সফরসঙ্গীদের সঙ্গে বাফুফে প্রতিনিধিদের সময় কাটে আন্তরিক পরিবেশে।
বাফুফে কর্মকর্তা আরিফ ফুল দিয়ে শুভেচ্ছা জানালে ফিফা সভাপতি রসিকতা করে বলেন, এক-দুই দিন আগেই তো তাকে ফুল দেওয়া হয়েছে। জবাবে ফাহাদ করিম বলেন, বাংলাদেশ আতিথেয়তার দেশ এবং তিনি যতবার আসবেন ততবারই তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।
সাক্ষাতে ইনফান্তিনোর হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম জার্সি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। জার্সিতে ছিল তার পছন্দের ৯ নম্বর।
জার্সিটি পেয়ে বেশ অবাক হন ফিফা সভাপতি।
ফাহাদ করিম জানান, গুগলে পুরোনো ছবি ঘেঁটে ফিফা প্রধানের পছন্দের জার্সি নম্বরটি আগেই বের করেছিলেন তারা।
একই সাথে ইনফান্তিনোর সফরসঙ্গী তিন সদস্যকেও জাতীয় দলের নতুন জার্সি দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর রেফারি জসিম তাকে একটি ক্যাপ ও টি-শার্ট উপহার দেন। এসব উপহার সামগ্রী পরে আনন্দের সাথে ছবি তোলেন তিনি।
আড্ডায় উঠে আসে ইনফান্তিনোর ভুটান সফরের অভিজ্ঞতা। ভুটানের রাজার আমন্ত্রণে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা শুনে ফাহাদ করিম তাকে জানান, আগামীবার বাংলাদেশে এলে তাকে ঐতিহ্যবাহী পাঞ্জাবি উপহার দিয়ে ছবি তোলা হবে।
আনন্দঘন পরিবেশের পাশাপাশি দেশের ফুটবলের সার্বিক উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ঘরোয়া লিগ ও ফুটবলের কাঠামোগত সংস্কারে বাফুফের বর্তমান পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন ফিফা প্রধান।
দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে আঞ্চলিক পর্যায়ে ক্লাবভিত্তিক টুর্নামেন্ট বা নিয়মিত কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন ইনফান্তিনো।
তার পর্যবেক্ষণ তুলে ধরে ফাহাদ করিম বলেন, দক্ষিণ এশিয়ার ক্লাবগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত চমৎকার ও স্বাস্থ্যকর। তাই এখানে ক্লাবভিত্তিক বড় আয়োজন দরকার বলে মনে করেন ফিফা সভাপতি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্ব এবং বর্তমান সরকারের আন্তরিকতায় আগামী দিনে ফিফার কাছ থেকে আরও বেশি সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।
এ ছাড়া ফিফা ও ইনফান্তিনোর নিজস্ব ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ভিডিও ও সংবাদ প্রকাশের উদ্যোগও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন