অক্টোবর ২১, ২০২৬, ১০:২৫ এএম
বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের মেয়াদের তুলনায় এটি দ্রুততম সময়ে ভিসা বাতিলের নজির। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থান করার পর যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন, প্রতারণায় জড়িয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছেন—মূলত তাঁদের ভিসাই বাতিল করা হয়েছে।
ভিসা নিয়ে অবস্থানরত বিদেশিদের উদ্দেশে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে পিগট বলেন, আইন ভঙ্গ, জালিয়াতি কিংবা দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করার বিষয়ে কাউকে একচুল ছাড় দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষিত রাখা এবং জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত থাকবে।
পররাষ্ট্র দপ্তরের পরিসংখ্যান বলছে, গত আগস্ট মাসেই বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছিল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছিল দপ্তরটি, যা সেই সময় রেকর্ড হিসেবে নথিভুক্ত হয়।
নতুন ভিসা প্রদানের প্রক্রিয়াতেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের যাবতীয় কার্যক্রম আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি ব্যাপক মাত্রায় বাড়ানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন