অক্টোবর ২১, ২০২৬, ১১:১০ এএম
বাংলাদেশ ও আলজেরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং জ্বালানি ও বাণিজ্য খাতে অংশীদারত্ব বাড়াতে উচ্চপর্যায়ের আলোচনায় বসেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়।
বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য, সরাসরি বিনিয়োগ, কৃষি, রাসায়নিক সার, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং খেলাধুলাসহ নানাবিধ খাতে অংশীদারত্ব সম্প্রসারণের ব্যাপক ক্ষেত্র রয়েছে। তিনি দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কল্যাণে জ্বালানি খাতে বিনিয়োগের ওপর বিশেষ তাগিদ দেন। একই সঙ্গে বাংলাদেশের প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে আলজেরিয়া সরকারের কার্যকর কারিগরি সহায়তা আহ্বান করেন তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই আলোচনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা হাইড্রোকার্বন খাতে দুই দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সরকারি পর্যায়ে অর্থাৎ জিটুজি ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পরিশোধিত ও অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরাসরি আমদানির জন্য এই চুক্তি এক নতুন বাণিজ্যিক দিগন্ত উন্মোচন করেছে।
পাশাপাশি বাংলাদেশে টেকসই এলএনজি অবকাঠামো গড়ে তোলা, গভীর কয়লা খনি এবং নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে আন্তর্জাতিক সেরা প্রযুক্তি ও পদ্ধতি গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদ্যমান সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় করতে উভয় দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সরকারি ও কূটনৈতিক সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিব বৈঠকে জানান, তার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর এগিয়ে নিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কৌশল ও সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের একে অপরের পরিপূরক হওয়ার মতো অপার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন