বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

সব সাংবাদিককে গালি দেওয়ার অভিযোগ সত্য নয়: এনায়েতুল্লাহ আব্বাসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ১০:৫৬ এএম

সব সাংবাদিককে গালি দেওয়ার অভিযোগ সত্য নয়: এনায়েতুল্লাহ আব্বাসি

ছবি: সংগৃহীত

পেশাদার সব সাংবাদিককে উদ্দেশ করে তিনি কোনো গালি দেননি বলে দাবি করেছেন তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের আমির ড. মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ও সিদ্দিকী। মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে যারা নেতিবাচক প্রচারণা চালিয়েছে, কেবল সেই সাংবাদিকদের সমালোচনা করেছেন তিনি। বিভিন্ন সময়ে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সাংবাদিকদেরও এই সমালোচনার আওতায় রাখা হয়েছে বলে তিনি জানান।

ইশরাক হোসেনের অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে এনায়েতুল্লাহ আব্বাসি বলেন, মাদকবিরোধী এই তৎপরতার উদ্দেশ্য অত্যন্ত মহৎ ছিল, তবে পিস্তল উঁচিয়ে ঘটনাস্থলে যাওয়ার কার্যপদ্ধতিটি সঠিক ছিল না। রাজধানীর মাদক নির্মূলের এই উদ্যোগকে একদল সাংবাদিক ভিন্ন খাতে প্রবাহিত করেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, গণমাধ্যমকর্মীরা চাইলে এটিকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারতেন এবং সে ক্ষেত্রে হয়তো ইশরাককে পদ হারাতে হতো না। নেতিবাচক প্রচারণার ফলেই মাদকবিরোধী অভিযানের পর তাঁকে পদচ্যুত হতে হয়েছে এবং এর জন্য নির্দিষ্ট কিছু সাংবাদিকই মূলত দায়ী।

মাহফিলের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি জানান, সেখানে সব সাংবাদিককে এক পাল্লায় মাপা হয়নি। যারা বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সমাজকে ভুল বার্তা দেয় এবং ইশরাকের অভিযানকে নেতিবাচকভাবে প্রচার করেছে, ক্ষোভ কেবল তাদের বিরুদ্ধেই ছিল।

এর আগে সোমবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্বাসি।

সেখানে তিনি বলেছিলেন, ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতি অনুচিত হলেও তাঁর মূল উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু একদল সংবাদকর্মী সেটিকে ক্ষতিকর দৃষ্টিভঙ্গি থেকে প্রচার করেছে। ইতিবাচক সংবাদ পরিবেশিত হলে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত উল্লেখ করে তিনি অসদাচরণের দায়ে জড়িত সাংবাদিকদের তীব্র ভাষায় আক্রমণ করেন। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাহফিলের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক বিতর্ক ও তীব্র সমালোচনার জন্ম দেয়।