অক্টোবর ২০, ২০২৬, ০৭:৪১ পিএম
উন্নতমানের চিকিৎসাসেবা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয়ের অঙ্গীকার নিয়ে পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বন্ধন ডায়াগনস্টিক সেন্টার। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার তেঁতুলিয়া রোডে অবস্থিত রিফাত প্লাজায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী আদম সুফি, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
`বেটার ডায়াগনোসিস, হেলদি টুমরো` (Better Diagnosis, Healthy Tomorrow) মূল প্রতিপাদ্যকে ধারণ করে যাত্রা শুরু করেছে চিকিৎসাকেন্দ্রটি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা যুক্ত হওয়ায় উত্তরের প্রান্তিক এই জেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্যোক্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করাই তাদের মূল লক্ষ্য। অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে সেবার মান সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয় ও রোগীদের আন্তরিক সেবা নিশ্চিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। পঞ্চগড়ের জনসাধারণের স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটি সবসময় দায়বদ্ধ থাকবে।
সদর উপজেলার রিফাত প্লাজার এই আধুনিক চিকিৎসাকেন্দ্রটি পঞ্চগড়ের সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবায় একটি নির্ভরযোগ্য ও আস্থার ঠিকানা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন