অক্টোবর ২০, ২০২৬, ০৭:৫৭ পিএম
চলমান বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৩৩-২০ ব্যবধানে হারায় লাল-সবুজের দল।
এই জয়ে ফাইনালে পৌঁছাল বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শিরোপা নির্ধারণের মঞ্চে নামার আগে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
এর আগের ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক মেয়েরা। ম্যাচের প্রথমার্ধেই ১৬-৫ গোলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে মালদ্বীপ। এই পর্বে বাংলাদেশ ১৭টি গোল করার বিপরীতে মালদ্বীপ আদায় করে ১৫টি গোল।
পুরো ম্যাচে একাই ৮টি গোল করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।
ম্যাচ শেষে সানজিদা জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচে যে ভুলত্রুটিগুলো হয়েছিল, সেগুলো পর্যালোচনা করে শুধরে নিয়েছিলেন তারা। সেই প্রস্তুতির ইতিবাচক ফল মিলেছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে।
ফাইনালে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেন সানজিদা।
তিনি বলেন, নিজেদের দেশের মাটিতে খেলা হওয়ায় সম্মান ধরে রাখতে সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবেন তারা।
সানজিদা আরও উল্লেখ করেন, ভারত নিয়মিত অনুশীলন করে এবং সারা বছর ক্যাম্পিংয়ের মধ্যে থাকে বলে স্বাভাবিকভাবেই বেশ এগিয়ে। তবে সর্বোচ্চ লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ পুরো দল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন