সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৫:৪২ পিএম

সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব মাদরাসায় নিয়মিত খেলাধুলার নিবিড় অনুশীলন ও আন্তপ্রতিযোগিতা আয়োজন নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সোমবার (২৬ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব মাদরাসা প্রধানদের কাছে এই নির্দেশ পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া ইভেন্ট পরিচালনা করতে বলা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর গৃহীত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় নির্ধারিত ১০টি মূল খেলার পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন এবং বার্ষিক প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাদরাসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বোর্ড। মূলত ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু ও কিশোর শিক্ষার্থীদের মধ্য থেকে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির আওতাভুক্ত নির্ধারিত ১০টি মূল খেলার মধ্যে রয়েছে ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট, ভলিবল এবং টেবিল টেনিস।

এসব সাধারণ ইভেন্টের সঙ্গে মাদরাসাগুলোতে আধুনিক ক্রীড়া হিসেবে আর্চারি, শ্যুটিং ও হকির ওপর বিশেষ জোর দিতে বলা হয়েছে।

বোর্ডের নির্দেশনায় উল্লেখ করা হয়, তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা মাদকাসক্তি ও অতিরিক্ত মুঠোফোন বা ডিজিটাল মাধ্যমের আসক্তি দূর করতে খেলাধুলা কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে। শিশু-কিশোরদের সুস্থ, শারীরিক সক্ষমতা সম্পন্ন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ জীবনে ক্রীড়াকে একটি সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও নিশ্চিত করা হয়েছে যে, মাঠপর্যায়ের এই কর্মসূচি থেকে নির্বাচিত প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য সরকারি ক্রীড়া বৃত্তির বন্দোবস্ত রাখা হবে। এর পাশাপাশি দেশের শীর্ষ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে দীর্ঘমেয়াদি উন্নত পেশাদার প্রশিক্ষণের সুযোগও পাবেন বাছাইকৃত শিক্ষার্থীরা।