সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৪:২৪ পিএম

ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়া অভিমুখী পাকুন্ডা এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের আক্রমণের মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় একটি ধর্মীয় সভা শেষে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফেরার পথে এই পরিস্থিতির শিকার হন বলে তিনি দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, মধ্যরাতে মহাসড়কের ওই নির্জন অংশে পৌঁছালে ডাকাত দল তাদের গাড়ির গতি রোধ করার অপচেষ্টা চালায়। ডাকাতেরা আগেই সড়কের ওপর বড় বড় ইট ও পাথর ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল।

মাদানীর ভাষ্য অনুযায়ী, সামনের প্রতিবন্ধকতা ও ডাকাতদের উপস্থিতি বুঝতে পেরে তাদের গাড়ির চালক তাৎক্ষণিকভাবে গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনের দিকে সরিয়ে নেন। চালকের এমন উপস্থিত বুদ্ধিমত্তা ও দ্রুত সিদ্ধান্তের কারণে তারা সম্ভাব্য বড় ধরনের আক্রমণ থেকে অক্ষত অবস্থায় রক্ষা পান।

তিনি আরও জানান, ডাকাত দল তাদের পেছনের গাড়িগুলো ও আশপাশের কয়েকজন সাধারণ যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও রাতের অন্ধকারের সুযোগ কাজে লাগিয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।

ঘটনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে এই বক্তা দাবি করেন, ধর্মীয় আলেমদের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং তারা অল্পের জন্য বেঁচে গেছেন। একই সঙ্গে তিনি মহাসড়কে আইন প্রয়োগকারী সংস্থার টহলের কার্যকারিতা নিয়েও মন্তব্য করেন।

তবে তাৎক্ষণিক তৎপরতার বিষয়টি স্পষ্ট করে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশের টহল দল আশপাশে সতর্ক অবস্থানে না থাকলে এত দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না। এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।