মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা দেখে মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৬, ১১:৩৭ পিএম

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা দেখে মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের বর্ণিল পরিবেশ প্রত্যক্ষ করে গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অনুভূতির কথা জানান।

আমলাপাড়া মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, "এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।"

মণ্ডপের শিল্পিত রূপ ও সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, "আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি।"

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও আয়োজকদের উষ্ণ আতিথেয়তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি আবেগঘন কণ্ঠে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদযাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।"

পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী ডিয়ানি ক্রিস্টেন্স নারায়ণগঞ্জ শহরের শতবর্ষের ঐতিহ্যবাহী ও সুপরিচিত চা পানের আড্ডাস্থল ‘বোস কেবিন’ পরিদর্শনে যান।

সেখানে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে বসে ঐতিহ্যবাহী চা পান করেন এবং উপস্থিত স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে হালকা আড্ডায় সময় কাটান।

রাষ্ট্রদূতের এই বর্ণিল সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।