মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

পীরগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৬, ১১:০৪ পিএম

পীরগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রংপুরের পীরগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কের বড়দরগা মাজারের সামনে বেপরোয়া ট্রাকের চাপায় লিখন (৩২) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় বাবুল নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। মর্মান্তিক এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে মহাসড়ক অবরোধ করলে ব্যস্ততম ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

নিহত লিখন পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ভগবানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আহত বাবুলও একই ইউনিয়নের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে লিখন ও বাবুল মহাসড়কের পূর্ব পাশ থেকে হেঁটে পশ্চিম পাশে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় বগুড়া দিক থেকে দ্রুতগতিতে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে একজন সরাসরি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং অপরজন ছিটকে সড়কের পাশে পড়ে যান।

ঘটনাস্থলেই লিখনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত বাবুলকে উদ্ধার করেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে প্রাণহানির ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং বড়দরগা মাজার সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। অবরোধের ফলে ঢাকা–রংপুর মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

পুলিশ কর্মকর্তারা আন্দোলনরত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন।

বড়দরগাহ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক যান চলাচলের উপযোগী করার কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালকসহ গাড়িটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।