অক্টোবর ১৯, ২০২৬, ০৯:৫৪ পিএম
সারাদেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি এবং এডহক কমিটি বাতিল ঘোষণা করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৯ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক অফিস আদেশ জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে সারাদেশের ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের পরিচালনা সংক্রান্ত গভর্নিং বডি ও এডহক কমিটি সম্পূর্ণ বাতিল করা হলো।
একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে নতুন এডহক কমিটি গঠনের জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩ (খ)-এর ধারা (১) খ (১) ও (৩) মোতাবেক কমিটি পুনর্গঠিত হবে।
নতুন বিধিমোতাবেক, জেলা সদরে অবস্থিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা সদরের বাইরে অবস্থিত উপজেলা পর্যায়ের মাদ্রাসাগুলোর ক্ষেত্রে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)।
কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রেও সুনির্দিষ্ট স্তর নির্ধারণ করা হয়েছে।
জেলা পর্যায়ের মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা শিক্ষা অফিসার। অন্যদিকে উপজেলা পর্যায়ের মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই দায়িত্বে অন্তর্ভুক্ত হবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত সরকারি বিধি ও ফরমে নতুন এডহক কমিটি অনুমোদনের পূর্ণাঙ্গ প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন