অক্টোবর ২৫, ২০২৫, ০৫:৪৮ পিএম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত দেশের সব মাদরাসায় তিন বছর মেয়াদী ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা-২০২৪ একযোগে শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টা থেকে সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় দেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় এক লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এই পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ঢাকা সরকারি আলীয়া মাদরাসা কেন্দ্র পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম। দুপুর দুইটায় তিনি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
অধ্যাপক ড. মো. শামছুল আলম আরও বলেন, কোনো পরীক্ষার্থী যেন কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারে, সেজন্য বিভিন্ন কেন্দ্রের দিকে কড়া নজর রাখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ মানুষের প্রাণের সঙ্গে মাদরাসা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত। এই শিক্ষা ব্যবস্থা আগামীর দেশ গঠনের নেতৃত্ব তৈরি করছে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এই শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি একটি নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে প্রশ্নপত্রের নিরাপত্তা, বিশেষ তদারকি টিম এবং মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এদিকে, পরীক্ষার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম সিলেটের শাহজালাল দারুস সুন্নাত ইয়াকুবিয়া কামিল মাদরাসা কেন্দ্র এবং অন্য প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন