সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৩:৪৬ পিএম
চীনের ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ডংফাং স্কলারশিপে ৫৪টি দেশের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশ্বখ্যাত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩তম স্থানে থাকা এই শিক্ষাপ্রতিষ্ঠানে উদীয়মান তরুণ রাজনৈতিক নেতাদের নিয়ে এই বিশেষ স্কলারশিপ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পদে আসেন তিনি। বিশ্ববিদ্যালয়টির নিজস্ব নির্বাচনী বিধিমালার আলোকে পরিচালিত এই প্রত্যক্ষ নির্বাচনে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর পদে বিজয়ী হন ডা. তৌহিদুর রহমান আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপরাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। এছাড়া নির্বাচনে জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট লাভ করেন।
নির্বাচনের ফলাফলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদল নেতা ডা. আউয়াল জানান, এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। দলীয় শীর্ষ নেতৃত্বের আস্থা রক্ষার জন্য তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ফোরামে উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশের সার্বিক অগ্রগতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত উন্নয়ন কার্যক্রমে সব ধরনের সহযোগিতার বিষয়ে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন