সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০২:৩৩ পিএম
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজ হওয়ার দশ দিন পেরিয়ে গেলেও ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রীর সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পেতে পথ চেয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে পরিবার। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিখোঁজ হওয়ার পর থেকেই পুরো পরিবারে চরম অনিশ্চয়তা। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা সে। শিশুটি পার্শ্ববর্তী দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ সেপ্টেম্বর সকালে সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় সে। ছুটির সময় অন্য শিক্ষার্থীরা নিজ নিজ ঘরে ফিরলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় মাদরাসায় গিয়ে শ্রেণিকক্ষে তার পাঠ্যবই, খাতা ও ব্যাগ অক্ষত অবস্থায় পেলেও তার কোনো খোঁজ মেলেনি।
ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়। স্বজনরা সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালান এবং এলাকায় মাইকিং করা হয়। শিশুটির দ্রুত সন্ধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো সূত্র না মেলায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, নিখোঁজের এই ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ মাদরাসাছাত্রীর অবস্থান শনাক্তে পুলিশের একাধিক দল তৎপর রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন