রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০২:৫৬ পিএম

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্থানীয় পর্যটন মোটেলের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন বাড়াবে সমৃদ্ধি, গড়বে টেকসই ভবিষ্যৎ—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির সূচনা করেন। উদ্বোধনের পর জেলা শহরজুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউটাউন এলাকায় অবস্থিত পর্যটন মোটেলে গিয়ে শেষ হয়। পরবর্তীতে পর্যটন মোটেলের কনফারেন্স কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উত্তর জনপদের পর্যটন বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম হাবিবুল হাসান। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং দিনাজপুর ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন দিনাজপুর পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. ইমরুল হাসান। বক্তারা বলেন, স্থানীয় পর্যটন অবকাঠামোর উন্নয়ন ও ইতিহাস-ঐতিহ্যের সঠিক প্রচার নিশ্চিত করতে পারলে প্রান্তিক অর্থনীতি গতিশীল হবে। একই সাথে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই সামাজিক ভবিষ্যৎ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।