নভেম্বর ১৩, ২০২৬, ০৩:৩৮ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই ইসলামি বক্তা এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। পোস্টে তিনি কিশোরদের একটি দলের বেপরোয়া আচরণের বর্ণনা দিয়ে জানান, লাগামটা ছিঁড়তে দিয়েন না। মহল্লায় রাত গভীর হওয়ার আগেই একদল কিশোর ফিরছে। যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু তা নিশ্চিত না হলেও তাদের এমন বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, কেমন প্রজন্ম গড়ে উঠছে।
দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দারা সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী চিত্র দেখে গভীর ভুক্তভোগী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষ না পারছে এলাকা ছাড়তে, না পারছে ইজ্জতসহ বাঁচতে।
তিনি প্রশ্ন তোলেন, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব অনুষ্ঠানে গিয়ে কোনো বিপথগামী তরুণ কি মাদক ছেড়েছে? জুয়া থেকে ফিরেছে? পড়াশোনায় মনোযোগী হয়েছে? বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল কিংবা সমাজের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে? নাকি উল্টো উচ্ছৃঙ্খলতাকেই আধুনিকতা ও স্বাধীনতার মোড়কে স্বাভাবিক করে তোলা হচ্ছে?
পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ হলেও শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের প্রদর্শন, অশালীন আচরণ, উদ্দেশ্যমূলক বেলুনের বেহায়া উড্ডয়ন ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে বলে জানান তিনি। তার মতে, বিনোদনের নামে কিশোরদের সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করে আসলে কী শেখানো হচ্ছে।
আব্দুল হাই সাইফুল্লাহর মতে, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।
তিনি স্পষ্ট করেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।
পোস্টের শেষাংশে তিনি বিনোদন ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সামাজিক দায়িত্বশীলতা নিশ্চিত করার জোরালো আহ্বান জানান। একইসঙ্গে কিশোর গ্যাং, মাদক ও অপসংস্কৃতির বিস্তার রোধে দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ করেন। তথ্যসূত্র: আরটিভি নিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন