শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
মধ্যপ্রাচ্য সংকট

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অসম্ভব বলে স্বীকার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৩:২০ পিএম

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অসম্ভব বলে স্বীকার করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে এবং শক্তিশালী রাডার সার্বক্ষণিক নজরদারি চালালেও ইরানের অত্যাধুনিক ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অসম্ভব বলে স্বীকার করে নিয়েছে ইসরায়েল। উড্ডয়নরত অবস্থায় বহুমুখী অ্যালগরিদম ব্যবহার করে আকস্মিকভাবে গতিপথ বদলে ফেলার বিরল সক্ষমতা থাকায় প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষাব্যবস্থাই এই মারণাস্ত্রকে ঠেকাতে পারছে না।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা বালালি সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি জানান, ফাত্তাহ-২ কোনো নির্দিষ্ট ছক বা একক অ্যালগরিদম মেনে চলে না। বরং এটি আকাশে থাকা অবস্থায় একাধিক গাণিতিক পদ্ধতি অনুসরণ করে মুহূর্তেই নিজের অবস্থান ও দিক পরিবর্তন করতে পারে। ফলে পরমুহূর্তে এটি ঠিক কোন বিন্দুতে থাকবে, তা শত্রুপক্ষের রাডারের পক্ষে নির্ভুলভাবে অনুমান করা প্রায় অসম্ভব। আর গতিপথ নিশ্চিত না হওয়ায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে একে ধ্বংস করার প্রচেষ্টাও ব্যর্থ হতে বাধ্য।

জেনারেল বালালি আরও দাবি করেন, শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতাগুলোকে নিখুঁতভাবে বিশ্লেষণ করেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। এমনকি আক্রমণ কোন দিক থেকে ধেয়ে আসছে, প্রতিপক্ষ তা শনাক্ত করার আগেই ফাত্তাহ-২ নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

২০২৩ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা এই অস্ত্রটিকে হাইপারসনিক গ্লাইড ভেহিকল হিসেবে অভিহিত করে তেহরান। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বহুগুণ বেশি ক্ষিপ্রগতির এই অস্ত্র তৈরিতে উত্তর কোরিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা রয়েছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এর গতিপথ ও বিধ্বংসী ক্ষমতা অনেকটা রাশিয়ার ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমতুল্য, যা মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। চলতি বছরের সংঘাতে ইসরায়েলি স্থাপনায় ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল আঘাতের ভিডিও ফুটেজও ইতোমধ্যে সমরবিদদের নজর কেড়েছে।

ইরানের এই অপ্রতিরোধ্য সমরাস্ত্রের সক্ষমতায় রীতিমতো চাপে পড়েছে তেল আবিব। ইসরায়েলের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কি অকপটে স্বীকার করেছেন, ফাত্তাহ-২-এর মতো উচ্চগতির ক্ষেপণাস্ত্রের সামনে প্রচলিত প্রতিরক্ষাব্যবস্থা কার্যত অসহায়। শব্দের চেয়ে দশ গুণ বেশি অর্থাৎ ম্যাক-১০ গতিতে ধেয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে রুখে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে নিজেদের আকাশ প্রতিরক্ষা কৌশল ও প্রযুক্তি ঢেলে সাজাতে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তথ্যসূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম