নভেম্বর ১৩, ২০২৬, ১০:৫৬ এএম
সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা আপাতত বন্ধ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্ট নিজেই এ তথ্য জানান।
তবে ট্রাম্পের দাবি, চাইলে তিনি মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম। আঞ্চলিক মিত্রদের বিশেষ অনুরোধের কারণেই আপাতত তিনি হামলা থেকে বিরত রয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে তিনি এখনই সংঘাতের অবসান ঘটাতে পারেন। তবে মিত্রদের অনুরোধ বিবেচনায় রেখে তিনি কেবল অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।
ট্রাম্প জানান, সৌদি আরব তাঁকে বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও একই কৌশল অবলম্বনের পক্ষে মত দিয়েছে। তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে পুরোপুরি একমত কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে এমন অনুরোধ না এলে তিনি ইরানে নতুন করে হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট হ্যাঁ সূচক উত্তর দেন।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে কোনো বড় ধরনের হামলা চালানো থেকে যুক্তরাষ্ট্র বিরত রয়েছে। ট্রাম্প বলেন, এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো এবং সেতুগুলো ধ্বংস করা সম্ভব। আর সব মিলিয়ে মাত্র তিন দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ করে দিতে পারেন তিনি।
এদিকে এই সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে এর প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তা সত্ত্বেও ইরানে সামরিক চাপ বজায় রাখার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান অটুট রেখেছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন