নভেম্বর ১৩, ২০২৬, ১০:৩৪ এএম
লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার পর এটিই বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে, আর লড়াইয়ের ভেন্যু বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়াম। তবে এই ম্যাচে শুধু মেসির অনুপস্থিতিই নয়, স্কালোনির একাদশে আসছে একাধিক বড় পরিবর্তন।
গোলপোস্টে নিয়মিত মুখ এমিলিয়ানো মার্তিনেজের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। বিশেষ সুরক্ষাসামগ্রী পরে অনুশীলন করলেও শেষ পর্যন্ত তাকে বেঞ্চে রাখার ইঙ্গিত মিলেছে। তার পরিবর্তে পোস্ট সামলাতে প্রস্তুত জেরোনিমো রুলি।
রক্ষণাভাবেও দেখা যাবে নতুন মুখ। নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় ফাকুন্দো মেদিনা শুরুর একাদশে আসার সম্ভাবনা জোরালো। লিওঁর এই ডিফেন্ডার চলতি মৌসুমে ক্লাবের চেয়ে জাতীয় দলের কোচিং স্টাফের আস্থা অর্জন করেছেন বেশি। চোটাক্রান্ত ক্রিস্তিয়ান রোমেরোর পরিবর্তে কেন্দ্রীয় রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজের সাথে জুটি বাঁধবেন লিওনার্দো বালার্দি। ডান প্রান্তে দেখা যেতে পারে আগুস্তিন জিয়াইকে।
মাঝমাঠে থাকছেন অভিজ্ঞ আলেক্সিস ম্যাক আলিস্টার ও এনজো ফার্নান্দেজ। নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস এবং দলে অনুপস্থিত রদ্রিগো দি পালের শূন্যতা পূরণে মাঠে নামবেন এজেকিয়েল পালাসিওস। নিজের সামর্থ্য প্রমাণে এটি তাঁর জন্য বড় সুযোগ।
আক্রমণভাগে তরুণদের ওপর সম্পূর্ণ ভরসা রাখছেন কোচ স্কালোনি। লিওনেল মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্ব ও সাজানোর মূল দায়িত্ব বর্তাতে পারে তরুণ নিকো পাজের কাঁধে। তাঁর সঙ্গী হবেন ফর্মে থাকা হুলিয়ান আলভারেজ এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। স্কালোনির এই নতুন ও তারুণ্যনির্ভর দল নিয়ে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে কেমন করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, এখন সেটাই দেখার বিষয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন